পোশাকশ্রমিকের নামে যারা এখন আন্দোলন করছেন, তারা প্রকৃত শ্রমিক নন, দুষ্কৃতকারী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মহিদুল ইসলাম। আইন অমান্য করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুরে পোশাক কারখানার শ্রমিকদের অবস্থান ও সম্ভাব্য বিক্ষোভের মধ্যে তিনি এ কথা বলেন।
সকাল থেকে মিরপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা কারখানা ছেড়ে বাইরে অবস্থান নেন। মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকায় কয়েকটি কারখানার সামনে নারী ও পুরুষ শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। তাদের কেউ কেউ গলির সড়কেও দলবদ্ধ হয়ে অবস্থান করেন। যেকোনো সময় তারা রাস্তায় নেমে বিক্ষোভ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম বলেন, ‘পোশাকশ্রমিকের নামে এখন যারা আন্দোলন করছে, তারা দুষ্কৃতকারী। যারা আইন অমান্য করছে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে, তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার আবু নাসের রিকাবদার বলেন, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। যাচাই-বাছাই করে আরও কয়েকটি মামলার প্রক্রিয়া চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছেন পোশাকশ্রমিকেরা। গত রবিবার থেকে আন্দোলন সহিংস রূপ নেয়। ওই দিন বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন দেন। দুই পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। গতকাল সোমবারও রাস্তায় নামার চেষ্টা করেন শ্রমিকেরা। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তাঁরা রাস্তায় নামতে পারেননি।