কক্সবাজারগামী আন্তঃনগর ট্রেন কক্সবাজার এক্সপ্রেস (৮১৪)-এ আকস্মিক পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি।
সরকারপ্রধানের নির্দেশে বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনটিতে তিনি আরোহন করেন এবং একই ট্রেনে করে চট্টগ্রাম পর্যন্ত ভ্রমণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ট্রেনের বিভিন্ন কোচ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি যাত্রীদের মতামত ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের কাছে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন।
প্রতিমন্ত্রী বলেন, রেলসেবার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও যাত্রীসেবার গুণগত মান আরও বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
পরিদর্শনের সময় যাত্রীরা সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় বাংলাদেশ রেলওয়ে-এর মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) মো. সুবক্তগীন উপস্থিত ছিলেন।