ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারি উদ্যোগে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। এতে সেচব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা কমে কৃষি উৎপাদন বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন কর্মসূচির আওতায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সিনাই খাল এবং বাদৈর ইউনিয়নের জিয়া বিল খালের খনন কাজ শুরু হয়।
এর মধ্যে গোপীনাথপুরের জয়নগর এলাকায় প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সিনাই খাল এবং বাদৈরের মান্দারপুর এলাকায় প্রায় ৩ কিলোমিটার জিয়া বিল খালের অংশে কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম কোদাল দিয়ে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহম্মদুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, খালগুলো পুনঃখনন হলে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং পানি নিষ্কাশন সহজ হবে। এতে জলাবদ্ধতা কমে কৃষি উৎপাদন বাড়বে। তিনি জানান, পর্যায়ক্রমে উপজেলার সব খাল খনন এবং দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় কৃষকেরা জানান, দীর্ঘদিন ধরে সেচ ও পানি নিষ্কাশন সমস্যায় ভুগছিলেন তারা। খাল পুনঃখনন হলে এ সমস্যা দূর হবে এবং ফসলের উৎপাদন বাড়বে বলে তারা আশা করছেন।