চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রতিবেদনে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৫২ জন, পূর্ববর্তী মামলায় ৯৯ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ৪৩ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ৫ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে গ্রেফতার ৪৮ জন, পরোয়ানা মূলে ৮৩ জন, সাজা পরোয়ানা মূলে ১১ জন রয়েছেন।
এছাড়া মাদক মামলায় ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৯১ জনই মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ২০ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১১২ জনকে গ্রেফতার করা হয়।
মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে ৫৬ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ৩২ হাজার ১০০টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ১৭টি মাদক মামলা দায়ের করা হয়।
অভিযানে ১১ হাজার ৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৪৫ গ্রাম গাঁজা, ১৬০ লিটার চোলাইমদ, ১২ বোতল বিদেশী মদ ও ১০ বোতল হুইস্কি উদ্ধার করা হয়।
জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।