জামালপুরে কালোবাজারে বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ থেকে আটকদের থানায় নেওয়া হয়েছে।
আটকরা হলেন- মেলান্দহ উপজেলার হাকিম মিয়া (৪০), হামিদুর রহমান (৫২), মো. মারুফ হোসেন (২৪), সদর উপজেলার হাফিজুর রহমান (৪০), মাদারগঞ্জ উপজেলার মো. শাহ জামাল (৫০), আলতাফুর রহমান (৪৮), সরিষাবাড়ি উপজেলার মো. জুগলু মিয়া (৪৪), মো. জহুরুল ইসলাম (৪৫), মো. সবুজ মিয়া (৪০) এবং বগুড়া জেলার ফুল মিয়া (৩৮) ও মনির হোসেন (৪৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ‘মঙ্গলবার মধ্যরাতে কেন্দুয়া কালিবাড়ি এলাকার সোহেল নামে এক ব্যবসায়ীর দোকান থেকে কয়েকজন খুচরা ব্যবসায়ী অতিরিক্ত দামে পেট্রোল ক্রয় করে কয়েকটি যানবাহনে করে তেলের ড্রাম নিয়ে যাচ্ছিলেন। কেন্দুয়া বাজারের কাছে গাড়িগুলো পৌঁছালে স্থানীয়রা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। সেসময় গাড়িতে বিপুল পরিমাণ পেট্রোল দেখতে পেয়ে চালকসহ ১১ জনকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি পিকআপ ভ্যান, একটি ভটভটি, ব্যাটারিচালিত ভ্যান ও অটোরিকশাসহ ১৫টি ড্রামে প্রায় তিন হাজার লিটার পেট্রোল জব্দ করে।
পরে গাড়ি চালক ও খুচরা তেল ব্যবসায়ীসহ ১১ জনকে আটক করা হয়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, ‘আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। জব্দ করা পেট্রোল থানায় নেওয়া হয়েছে।’