ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ মার্চ) গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে দুর্নীতি, ভূমি দখল, রাজনৈতিক ষড়যন্ত্র ও মানবাধিকার লঙ্ঘনের মতো একাধিক গুরুতর অভিযোগ ছিল।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, শেখ মামুন খালেদের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআইকে ধ্বংস এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের গুরুতর অভিযোগ রয়েছে। তাকে বহুল আলোচিত গোপন বন্দিশালা ‘আয়নাঘর’-এর রূপকার হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া, বিভিন্ন সময়ে ‘জঙ্গি নাটক’ সাজানো এবং মেজর জিয়াকে ফাঁসানোর মূল কারিগর হিসেবেও তার নাম উঠে এসেছে।
ক্ষমতার অপব্যবহার করে বিপুল অর্থের মালিক হয়েছেন সাবেক এই সেনা কর্মকর্তা। অভিযোগ রয়েছে, জলসিঁড়ি আবাসন প্রকল্পে শতকোটি টাকা আত্মসাৎ এবং ১০০ বিঘা জমি দখল করেছেন তিনি। এছাড়া, শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতার প্রভাব খাটিয়ে তিনি হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে জানা গেছে।
এর আগে, শেয়ারবাজারে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। এই অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে দুদকের আবেদনে গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত।
নিরাপত্তা বাহিনীর এই বিশেষ অভিযানের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।