ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক পণ্য, সিগারেট ও অন্যান্য সামগ্রী জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিমানবন্দর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১২ মার্চ) দুবাই থেকে আসা তিন বাংলাদেশি যাত্রীকে নজরদারিতে রাখা হয়। তারা এমিরেটস এয়ারলাইন্সের ইকে–৫৮২ ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান। আগমনী টার্মিনালের ৭ নম্বর বেল্ট থেকে লাগেজ সংগ্রহের পর তাদের গ্রীন চ্যানেলে এনে স্ক্যানিং করা হয়।
স্ক্যানিংয়ে তাদের লাগেজ থেকে ৩৩টি আইফোন, ৩টি গুগল পিক্সেল মোবাইল ফোন, ৪টি ল্যাপটপ, ১৪৫ কার্টন সিগারেট, ৩০ লিটার পারফিউম এবং প্রায় ২০ কেজি কসমেটিকস উদ্ধার করা হয়।
পরবর্তীতে যাত্রীদের কাছ থেকে জব্দ করা পণ্যের বিষয়ে ব্যবস্থা নিতে তাদের বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নির্ধারিত ব্যাগেজ সুবিধা বাদ দিয়ে ৩০টি আইফোন, ৩টি গুগল পিক্সেল ফোন, ৪টি ল্যাপটপ ও ১৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ লাখ ১১ হাজার টাকা।
এছাড়া ৩০ লিটার পারফিউম ও ২০ কেজি কসমেটিকসের ওপর প্রায় ৬৫ হাজার টাকা শুল্ক আদায় করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ৪৩ লাখ ৭৬ হাজার টাকার পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।
বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।