প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর ঢাকা-১৭ আসনের চারটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে তাঁর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি সংশ্লিষ্ট মন্দিরগুলোর কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
যেসব মন্দিরে এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে, সেগুলো হলো ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন শ্রী শ্রী রক্ষা কালী মন্দির, আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং মহাখালীর টেম্পো মোড় এলাকার শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির।
চেক বিতরণ অনুষ্ঠানে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন।
এই সহায়তাকে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সরকারের সম্পৃক্ততা ও সহযোগিতার অংশ হিসেবে দেখা হচ্ছে।