তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের তথ্য জানার অধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলোর একটি। তবে তিনি সতর্ক করে বলেন, তথ্যের অবাধ প্রবাহের সুযোগে যাতে মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন ছড়িয়ে না পড়ে, সে বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে।
রোববার সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তথ্য অধিকার ফোরাম’-এর কোর গ্রুপের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, তথ্য অধিকার আইন সংশোধন-সংক্রান্ত অধ্যাদেশ জাতীয় সংসদে আপাতত স্থগিত রাখার পেছনে কিছু নির্দিষ্ট কারণ রয়েছে। তাঁর ভাষ্য, বর্তমান সময়ে তথ্য প্রবাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের ঝুঁকিও। সে কারণে শুধু তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়ালেই হবে না, তথ্য ব্যবহারে দায়িত্বশীলতা নিশ্চিত করাও জরুরি।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, অভিজ্ঞ ব্যক্তি ও অংশীজনদের মতামত নিয়ে একটি কার্যকর, বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য আইন প্রণয়ন করা হবে। একইসঙ্গে তথ্য কমিশনের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা ও চরিত্র কীভাবে অক্ষুণ্ন রাখা যায়, সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
জহির উদ্দিন স্বপন অংশীজনদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ আহ্বান করেন এবং তথ্য যাচাই, ফ্যাক্ট-চেকিং ও স্ক্রিনিং প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশ্বাস দেন, আইন প্রণয়নের পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত রাখা হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া বক্তব্য দেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, তথ্য সচিব মাহবুবা ফারজানা এবং এমআরডিআই-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
বক্তারা সভায় তথ্য অধিকার আইনের কার্যকারিতা বৃদ্ধি, তথ্যপ্রবাহ আরও উন্মুক্ত করা এবং প্রয়োজনীয় সংস্কার আনার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।