অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার মিল্টন ডিক এমপি’র নেতৃত্বে একটি সংসদীয় প্রতিনিধিদল গত সপ্তাহে বাংলাদেশ সফর করেছে। ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনের পর গণতান্ত্রিক শাসনব্যবস্থা জোরদার ও সংসদীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যেই এ সফর অনুষ্ঠিত হয়।
সফরকালে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করে। এ ছাড়া তারা সংসদ সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতিসংঘের অংশীদারদের সঙ্গেও বৈঠক করেন।
প্রতিনিধিদল জাতীয় সংসদ ভবন পরিদর্শন করে এবং জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরও ঘুরে দেখে।
বৈঠকগুলোতে অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলা, তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি, নারীর রাজনৈতিক নেতৃত্ব, গণমাধ্যমের স্বাধীনতা এবং মানবাধিকার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।