কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও বিপুল পরিমাণ ট্রলিং জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় এক জেলেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী থানাধীন যৌথভাবে জ্যামঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট এক জেলেকে আটক করা হয়।
জব্দকৃত বোট, ট্রলিং জাল ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ বিষয়ে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।