সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, সঠিক সেবা, পরিচর্যা ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে ডাউন সিনড্রোম শিশু এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও সমাজের মূলধারায় সক্রিয়ভাবে যুক্ত হতে সক্ষম।
বুধবার রাজধানীর ইস্কাটনে সমাজকল্যাণ ভবন অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট ১৩তম জাতীয় ও ২১তম বিশ্ব ডাউন সিনড্রোম দিবস-২০২৬ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল, ‘একসাথে পথ চলি, নিঃসঙ্গতা দূর করি’। অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এ জনগোষ্ঠীর সহায়তায় নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, দেশে বর্তমানে ১২ ধরনের প্রতিবন্ধিতা চিহ্নিত রয়েছে এবং ডাউন সিনড্রোম তার মধ্যে একটি। স্নায়ুবিকাশজনিত চার ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৪ লাখ ৫২ হাজার। এর মধ্যে ৮ হাজার ৩০ জন ডাউন সিনড্রোম ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
ড. আবু ইউছুফ আরও বলেন, ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুরা সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলায় প্রায়ই বিশেষ দক্ষতার পরিচয় দেয়। তাই তাদের সম্ভাবনাকে যথাযথভাবে বিকশিত করার সুযোগ সৃষ্টি করা জরুরি।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু নিউরোসায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন খান ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের ক্রোমোজোমজনিত অবস্থা, ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে বক্তব্য দেন।
এতে স্বাগত বক্তব্য রাখেন এনডিডি সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুছাম্মৎ শাহীনা আক্তার।