রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের হাতে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের সময় রোজা ঘনিয়ে আসায় বিশেষ প্রস্তুতির সুযোগ সীমিত ছিল। তবে ইতিবাচক দিক হচ্ছে, সরকারের হাতে থাকা খাদ্য মজুত বাজারমূল্য স্থিতিশীল রাখতে যথেষ্ট।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করতে চান। সিলেটবাসীর জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়গুলো—বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, তথ্যপ্রযুক্তি খাতের সম্প্রসারণ এবং একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশগুলো বড় পরিসরে ডিজিটাল কর্মসূচি বাস্তবায়ন করছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ যদি পিছিয়ে থাকে, তবে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে। এ কারণে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়াতে সরকার অগ্রাধিকার দিচ্ছে।
আগামী পাঁচ বছরে প্রতিটি দিনকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বৈশ্বিক অবস্থানে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী।
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে তিনি বলেন, বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। বিনিয়োগ আকর্ষণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রশাসনিক জটিলতা কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা প্রদানে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীসহ সংশ্লিষ্টরা।