আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আইজিপি বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট সব ইউনিট আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠানে পুলিশ প্রধান পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাঁদের ঈদোত্তর শুভেচ্ছা জানান।
এ সময় অতিরিক্ত আইজিপিসহ ঢাকায় কর্মরত বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।