ঈদ শেষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে লঞ্চভাড়া ১০ শতাংশ কম রাখার আশ্বাস দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
সোমবার (২৩ মার্চ) পটুয়াখালী লঞ্চঘাটে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ফিরতি যাত্রার পরিস্থিতি পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় যাত্রীদের স্বস্তিতে রাখতে ভাড়া নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, প্রত্যেকটি প্যাসেঞ্জারের কাছ থেকে যেন ৪৫০ টাকার উপরে ভাড়া না নেওয়া হয় যাতে ৪৫০ টাকার মধ্যেই নেওয়া হয়। এটি আমরা আগেও নিশ্চিত করেছি এবং এই যে ঈদের ফিরতি যাত্রা তাতেও আমরা ১০ পার্সেন্ট কম ভাড়া নিশ্চিত করব।
লঞ্চঘাটে উপস্থিত সংশ্লিষ্টদের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা সবাই ভালোভাবে নজরদারি করবেন, কারণ আমরা এবং আপনারা সবাই নৌ যাত্রার অংশীদার। আপনারা যখন যে কমপ্লেইনগুলো (অভিযোগ) আমাদের কাছে করবেন; আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আগেও নিয়েছি এবং আমি ফিরতি যাত্রায়ও নেব। দক্ষিণ অঞ্চলের প্রতিটি ঘাটে আমি যাওয়ার চেষ্টা করব এবং যাব ইনশাআল্লাহ।