স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। মঙ্গলবার সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, স্থানীয় সরকারের বিভিন্ন খাতে চীন কীভাবে আরও বেশি সহযোগিতা দিতে পারে—সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় চীনের সহযোগিতায় ইতোমধ্যে একাধিক প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে সহযোগিতা আরও কীভাবে সম্প্রসারণ করা যায়, সে চেষ্টা চলছে।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ দীর্ঘদিন ধরে তিস্তা নদীর সমস্যার সমাধান চেয়ে আসছে। তবে চীন নিজ উদ্যোগে সহযোগিতার প্রস্তাব দিয়েছে। তবে এ বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হলে তখন বিস্তারিত জানানো যাবে।
চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে।
সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সম্ভাব্য চীন সফরের আমন্ত্রণ নিয়েও আলোচনা হয়। মন্ত্রী জানান, চীন সরকার এই সফর বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে এবং বাংলাদেশও প্রস্তুতি নেবে। তবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীনেই হবে কি না—এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।