পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বাণীতে তিনি বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর শাওয়াল মাসের চাঁদ দেখার মাধ্যমে ঈদুল ফিতর উদযাপিত হয়, যা মুসলমানদের জন্য আনন্দ ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত উপলক্ষ। ঈদ মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন জোরদার করে এবং ভ্রাতৃত্বের বন্ধনে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দেয়।
তিনি বলেন, “ঈদের এই পবিত্র দিনে আমাদের অঙ্গীকার হোক—সব ধরনের হিংসা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি ও মানবতার ভিত্তিতে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলা।”
বিএনপি মহাসচিব আরও বলেন, দীর্ঘ দেড় দশক পর একটি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। অতীতের দমন-পীড়নের সময় গুম, খুন ও নির্যাতনের শিকার বহু পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি সমাজের সচ্ছল মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “ঈদের আনন্দে যেন সমাজের সব শ্রেণির মানুষ শামিল হতে পারে। কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে—সেজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
শেষে তিনি কামনা করেন, পবিত্র ঈদুল ফিতরের এই দিনে দেশের প্রতিটি ঘরে শান্তির স্নিগ্ধ ধারা প্রবাহিত হোক।