আমদানি করা কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একইসঙ্গে জনগণের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং বোরো মৌসুমে কৃষকদের চাহিদা বিবেচনায় জ্বালানি তেল বিতরণে রেশনিংসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ার কথাও জানান তিনি।
রোববার (১৫ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ লাইনে সৃষ্ট সমস্যার ফলে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথাও যদি সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে গাফিলতি বা দায়িত্বহীনতা দেখা যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন অসাধু উপায়ে জ্বালানি তেল মজুদ করে বাড়তি লাভের চেষ্টা না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ববাজারে বিভিন্ন দেশে জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো তা বাড়ানো হয়নি।জনগণের কষ্টের কথা বিবেচনায় রেখে সরকার এখন পর্যন্ত জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রেখেছে।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি যতদিন পর্যন্ত এই চাপ বহন করতে পারবে, ততদিন পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
এ সময় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তর এবং জেলা প্রশাসন সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।