ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির।
সোমবার (৩০ মার্চ) কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে কাইমপুর ইউনিয়নের নোয়াগাঁও মোড়ে নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ অভিযান হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই সময় নোয়াগাঁও গ্রামের মৃত আবু তাহেরের পুত্র মো. শাহ আলম (৫২) এর বিরুদ্ধে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল (পেট্রোল/অকটেন) বিক্রির সত্যতা পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।