সংসদ নির্বাচনে দেওয়া অন্যতম প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকালে তিনি গুলশানের নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। পরে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচি–২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
উদ্বোধনের পর তিনি অসহায় ও দুস্থ মানুষের মাঝে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করবেন এবং একই স্থানে আয়োজিত এক জনসভায় বক্তব্য দেবেন। জনসভা শেষে দিনাজপুর পৌরসভার উপশহরে অবস্থিত শেখ ফরিদ মডেল কবরস্থানে পরিবারের নিকটাত্মীয়দের কবর জিয়ারত করার কথা রয়েছে তার।
বিকেলে সার্কিট হাউসে কিছু সময় অবস্থান ও নামাজের বিরতির পর তিনি গোর-এ-শহীদ বড় ময়দানে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন। দিনের কর্মসূচি শেষে রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
এদিকে আগামী পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ বিষয়ে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে কৃষিমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে ঈদুল ফিতর উপলক্ষে দেশের ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সংসদ সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সিটি করপোরেশনের প্রতিনিধিদের হাতে তিনি এই সহায়তার চেক তুলে দেন।