গণহত্যা দিবস (২৫ মার্চ) এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতা।
সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও প্রতিকল্প কর্মকর্তা এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ শুকুর আলম মজুমদারের সই করা এক স্মারকে এসব নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, সুবিধাজনক সময়ে মাদ্রাসাগুলোতে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন করতে হবে।
এছাড়া ২৬ মার্চ সকাল ৮টায় অথবা সুবিধাজনক সময়ে পতাকা বিধি অনুযায়ী সব সরকারি ও বেসরকারি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে।
একইসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করতে বলা হয়েছে। রচনা প্রতিযোগিতা, হামদ ও নাত, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতারও আয়োজন করতে হবে। পাশাপাশি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।