কক্সবাজারের চকরিয়ায় দায়িত্ব পালনকালে রূপণ কান্তি দে (৪২) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার হারবাং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। তিনি হারবাং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এসআই মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযানে গিয়ে জুনাইদ নামে এক ব্যক্তিকে আটক করে। এরপর স্টেশন এলাকায় অবস্থানের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রূপণ কান্তি দে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে এসআই মোফাজ্জল হোসেনও অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন বলে জানা গেছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে যে, মাদকবিরোধী অভিযানে হামলার শিকার হয়ে ওই পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। তবে চকরিয়া থানা ও জেলা পুলিশ এই দাবি প্রত্যাখ্যান করেছে। থানার ওসি মনির হোসেন জানিয়েছেন, হামলার কোনো তথ্য পাওয়া যায়নি। তার ভাষ্য অনুযায়ী, রূপণ কান্তি দে এর আগেও দুবার স্ট্রোকে আক্রান্ত হওয়ার ইতিহাস ছিল এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।