দেশে পর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টির পাঁয়তারা ও চোরাচালান রোধে স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কেউ যাতে অতিরিক্ত তেল মজুত করতে না পারে, সে জন্য সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
গতকাল শনিবার সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি জানান, যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। সরকার প্রতি মাসে প্রায় ২০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম ঠিক রাখার চেষ্টা করছে। কিন্তু কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চালাচ্ছে। সীমান্ত দিয়ে তেল পাচারের অভিযোগও পাওয়া গেছে। এসব বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিরুনি অভিযান চালানো ও কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ইতোমধ্যে ২ লাখ টন তেলের জাহাজ বন্দরে ভিড়েছে এবং আরও ২ লাখ টন আসার পথে। প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন যাতে তারা জেলা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করেন।
বিশেষ করে কেউ যাতে অপ্রয়োজনে অতিরিক্ত তেল মজুত করতে না পারে এবং তেলের দাম যেন কোথাও না বাড়ে, সেদিকে নজর রাখতে বলা হয়েছে। সংসদ অধিবেশনে জ্বালানিমন্ত্রী এ বিষয়ে ৩০০ বিধিতে বিস্তারিত বক্তব্য রাখবেন।