যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়তে থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও অবনতি হলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
জ্বালানি খাতের বিশ্লেষক টামাস ভার্গা জানিয়েছেন, প্রতিদিন প্রায় এক কোটি ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত হলে বাজারে বড় ধাক্কা লাগবে এবং দাম দ্রুত ঊর্ধ্বমুখী হবে।
বিশেষজ্ঞরা বলছেন, ইরানের তেল স্থাপনায় সম্ভাব্য হামলা বা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক তেল সরবরাহ মারাত্মক সংকটে পড়বে।
উল্লেখ্য, এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, প্রয়োজন হলে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে হামলা বা তা দখলের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে। এতে ইরানের তেল রপ্তানি ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
ইতোমধ্যে হরমুজ প্রণালিতে আংশিক বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। এর প্রভাব ইউরোপেও পড়তে শুরু করেছে। জার্মানি জ্বালানির দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে, আর বাড়তি ব্যয়ের কারণে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন।
বিশ্লেষকদের সতর্কবার্তা, দ্রুত এই উত্তেজনা প্রশমিত না হলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের চাপের মুখে পড়তে পারে।