প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুর থেকে ৫৩ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। উদ্বোধনী দিনে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় খাল খনন কর্মসূচিতে অংশ নিতে প্রস্তুত রয়েছেন ৪০০ শ্রমিক।
সোমবার (১৬ মার্চ) সকাল থেকে শ্রমিকরা কোদাল, ডালি ও বেড়ুয়া নিয়ে কাহারোল উপজেলায় বলরামপুর সাহাপাড়ায় জনসভাস্থলে অপেক্ষা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করার সঙ্গে সঙ্গেই শ্রমিকরা সাহাপাড়া খাল খনন কাজে অংশগ্রহণ করবেন।
দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর ঢেপা নদী থেকে উৎপত্তি হওয়া এই খালটি বলরামপুর সাহাপাড়া হয়ে তেলমাখার ঘাট পর্যন্ত ১২.২০ কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সারা দেশে আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন ও পুনংখনন করা হবে। সকাল থেকে জনসভাস্থলে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন।
খাল খনন কাজে আসা শ্রমিক আব্দুল করিম বলেন, ‘অনেক দিন ধরে খালটি ভরাট হয়ে ছিল। খননকাজ শুরু হওয়ায় আমরা খুবই খুশি, এতে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে।’
এলাকার কৃষক আবুল হোসেন বলেন, ‘খালটি খনন হলে জমিতে সেচ ও পানি চলাচল সহজ হবে, এতে কৃষকরা অনেক উপকৃত হবে।’