পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত শিনিচি সাইদা পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণে ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ–জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বৈঠকে উভয় দেশ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে।
আলোচনায় কর্মসংস্থান দক্ষতা উন্নয়ন কর্মসূচি বা Employment Skill Development Programme (ইএসডিপি)–এর আওতায় সহযোগিতা বিশেষ গুরুত্ব পায়। বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও জাপানি ভাষা প্রশিক্ষণ সম্প্রসারণে জাপানে কাজ করতে আগ্রহী বলেও জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, দক্ষ বাংলাদেশি কর্মীরা যেন সহজে জাপানের শ্রমবাজারে প্রবেশ করতে পারে সে বিষয়ে তথ্যপ্রাপ্তি বাড়ানো জরুরি। এ লক্ষ্যে তিনি জাপানি নিয়োগদাতা ও বাংলাদেশি কর্মীদের সংযুক্ত করতে একটি ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রস্তাব দেন।
সাক্ষাতে জাপানের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর জন্য জাপান সফরের একটি আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান, যা উভয় দেশের জন্য সুবিধাজনক সময়ে আয়োজনের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, মেট্রোরেল প্রকল্পে সহযোগিতা এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থন নিয়েও মতবিনিময় হয়।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির ও মাহদি আমিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূইয়া এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।এর আগে একই দিনে জাপানের রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে বাংলাদেশের স্বাধীনতার পর জাপানের দ্রুত স্বীকৃতির কথা স্মরণ করা হয় এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে জাপানের অব্যাহত সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।