পহেলা বৈশাখ উপলক্ষ্যে রাজধানীর দুটি মেট্রোরেল স্টেশন আংশিক ও পূর্ণ সময়ের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।বিজ্ঞপ্তিতে বলা হয়, পয়লা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিনের জন্য বন্ধ রাখা হবে।
যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এ কারণে যাত্রীদের আগেভাগে বিকল্প যাতায়াতের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।