ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় ২ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’-এর কার্যক্রম সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রকিবুল হাসান। শুরুতে স্বাগত বক্তব্য দেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল রকিবুল হাসান বলেন, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সদস্যরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পরিবার ও সমাজকে বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। এ কারণে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি ফেনী ব্যাটালিয়নের সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং নিজ হাতে মাদক ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত সময়ে মালিকবিহীন অবস্থায় জব্দকৃত বিপুল পরিমাণ মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ৩,৬২৯ বোতল বিভিন্ন প্রকার মদ, ২,০৯৭ বোতল ফেন্সিডিল, ৩০৬ ক্যান/বোতল বিয়ার, ৭৬৫ দশমিক ২৩ কেজি গাঁজা, ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ লাখ ২২ হাজার ৭০৯ পিস বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেটসহ অন্যান্য মাদকদ্রব্য। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১৩ লাখ ৬৫ হাজার ৩৫১ টাকা।
বিজিবি জানায়, নিয়মিত অভিযান চালিয়ে সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধ অব্যাহত রয়েছে। জনসচেতনতা বাড়ানো এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদারে এ ধরনের ধ্বংস কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসন, কাস্টমস, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।