বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাপান ইনস্টিটিউট ফর ওভারসিজ ইনভেস্টমেন্ট (জেওআই)-এর প্রেসিডেন্ট কেনইচিরো হায়াশি বাংলাদেশ দূতাবাস পরিদর্শনকালে রাষ্ট্রদূত মো. দাউদ আলীর সঙ্গে এ বৈঠক করেন।
বৈঠকে উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। বিশেষ করে, বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকরভাবে উপস্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় জেওআই-এর সঙ্গে দূতাবাসের অংশীদারিত্ব জোরদারের বিষয়টি উঠে আসে। এ অংশীদারিত্বের মাধ্যমে বিনিয়োগ উন্নয়নমূলক সেমিনার যৌথভাবে আয়োজন, জেওআই-এর ওয়েবসাইটে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ও সম্ভাবনা তুলে ধরা এবং তাদের ম্যাগাজিনে বিনিয়োগসংক্রান্ত নিবন্ধ প্রকাশের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়।
উভয় পক্ষই জেওআই-এর বিভিন্ন উদ্যোগকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে সম্মত হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হয়।