ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে পৃথক অভিযানে প্রায় ৩ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও চশমা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩০ মার্চ) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার মাদলা বিওপি এলাকায় একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে ২ হাজার ৪৬৮ পিস উন্নতমানের ভারতীয় শাড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।
একই দিনে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল বিওপি এলাকায় পরিচালিত পৃথক অভিযানে ১৭ হাজার ২৯৮ পিস উন্নতমানের চশমা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
দুই অভিযানে মোট ৩ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
সংস্থাটি আরও জানায়, চলতি মার্চ মাসে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ১০ জন আসামিসহ ১৬ কোটি ৪৩ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ থেকে অবৈধভাবে জ্বালানি তেল ও লুব্রিকেন্ট ভারতে পাচার ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ লক্ষ্যে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম।