হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজাপুর এলাকায় তেলবাহী একটি ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ১ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ ইশতিয়াক মোরশেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ার পরপরই মনতলা বিওপি থেকে বিজিবির একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি সম্পদ রক্ষা এবং তেল লুটপাটের অপচেষ্টা রোধে তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। উদ্ধারকারী দল ড্রাম ও জারকিনের মাধ্যমে প্রায় ১ হাজার লিটার ডিজেল সংগ্রহ করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, বর্তমানে ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। তারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধার কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করছে।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী একটি ট্রেন মনতলা রেল স্টেশন অতিক্রমকালে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে একটি বগি পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।