মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করেছে বাংলাদেশ। সরকার মনে করছে, এই পদক্ষেপ অঞ্চলজুড়ে উত্তেজনা কমানো এবং স্থায়ী শান্তির পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ প্রত্যাশা করে সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতির শর্ত মেনে চলবে এবং বিদ্যমান পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের লক্ষ্যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করতে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও কূটনৈতিক উদ্যোগের কোনো বিকল্প নেই। এ প্রেক্ষাপটে যুদ্ধবিরতি কার্যকর করতে যেসব পক্ষ কূটনৈতিক তৎপরতা চালিয়েছে, তাদের ভূমিকাকেও বাংলাদেশ প্রশংসার সঙ্গে স্মরণ করেছে।
বাংলাদেশ পুনরায় স্পষ্ট করেছে যে, সংঘাত ও বিরোধের টেকসই সমাধান কেবল শান্তিপূর্ণ আলোচনা এবং কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই সম্ভব।