কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বিজিবি চেকপোস্ট সংলগ্ন একটি পেট্রল পাম্পে অস্ত্র উঁচিয়ে তাণ্ডব চালানোর অভিযোগে ইটভাটা মালিক বি কে আজমকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (১৮ মার্চ) রাতে রামু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ইটখোলা মালিক গদিচ্যুত আওয়ামী লীগের আমলে কৌশলে শর্টগানের লাইসেন্সটি নেন। পুলিশ ইতিমধ্যে শর্টগানটি জব্দ করেছে।
পাম্পটির ম্যানেজার নুরুল হক নুরু বলেন, ‘বিকে আজম ব্রিক ফিল্ড’-এর মালিক বি কে আজম নির্ধারিত বরাদ্দের বাইরে অতিরিক্ত জ্বালানি তেল দাবি করেন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী রেশনিং পদ্ধতির বাইরে তেল দিতে অস্বীকৃতি জানানো হয়।’
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘অস্ত্র উঁচিয়ে তান্ডব চালানোর ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পর উর্ধতন কতৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আইনগত ব্যবস্হা নিতে নির্দেশনা প্রদান করে।’
মঙ্গলবার কক্সবাজার-টেকনাফ মহাসড়কের মরিচ্যা বিজিবি ক্যাম্প সংলগ্ন এশিয়া পেট্রোল পাম্পে ইটখোলা মালিক নিজের লাইসেন্স করা শটগান উঁচিয়ে পেট্রল পাম্পে তান্ডব চালানোর ঘটনাটি ঘটান।দাবি অনুযায়ি তেল না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ইটখোলা মালিক নিজের গাড়িতে থাকা শটগানটি বের করে পাম্পের কর্মচারীদের দিকে তেড়ে যান এবং হামলার চেষ্টা করেন। এসময় পাম্পের ম্যানেজারকে লক্ষ্য করে ফায়ার করতে উদ্যত হলে ম্যানেজারের ছেলে দৌড়ে গিয়ে ধরে ফেলেন।
বিষয়টি নিয়ে ম্যানেজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রসঙ্গত মঙ্গলবার রাতে কালের কন্ঠ অনলাইনে এ সংক্রান্ত সংবাদটি প্রচারিত হবার পর পরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইটখোলা মালিক কে গ্রেফতার করতে অভিযান শুরু করেন।