স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সুস্থ বিকাশ ও নিরাপদ শিক্ষা পরিবেশ গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এখন সময়ের দাবি।
স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা বজায় রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে প্রতি বৃহস্পতিবার দলগতভাবে বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করা, নিয়মিত বৃক্ষরোপণ, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা আশেপাশে স্থানীয় বাজার বসলে তা ইউনিয়ন পরিষদ বা পৌরসভার প্রতিনিধিদের মাধ্যমে পরিষ্কার রাখা, বিকেলে মাঠ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা এবং আন্তঃইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের বিষয়গুলো বিশেষভাবে উল্লেখ করা হয়।
এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে সামগ্রিকভাবে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথাও সভায় তুলে ধরা হয়।
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় ৬ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।
কমিটির অন্য সদস্যরা হলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা।