ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা নিয়ে বৈঠকসহ একগুচ্ছ কর্মসূচিতে সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে মন্ত্রিসভার বৈঠকে স্কুল পর্যায়ে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনভিত্তিক ক্লাস চালুর একটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনি মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন। শুরুতেই দাফতরিক কাজকর্ম সম্পন্ন করে শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিনের সঙ্গে বৈঠক করেন। এ সময় দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এরপর ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও সরকারের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি। সেখানে ভূমিকম্প মোকাবিলায় কার্যকর প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সরকারপ্রধান।
এদিন দুপুরে বাংলাদেশ উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।
এছাড়া সন্ধ্যায় মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও সভাপতিত্ব করবেন তিনি। ওই বৈঠকে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের মেট্রোপলিটন এলাকা বা শহরাঞ্চলের স্কুলগুলোতে অনলাইন ও অফলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাব অনুমোদন হতে পারে বলে জানা গেছে।