বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বিল মিলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত বর্তমান মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে বিল মিলামের নিষ্ঠাবান নেতৃত্ব ও সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় ভিত্তি পায়। দায়িত্ব পালন শেষে তিনি দুই দেশের সম্পর্ক জোরদারে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখেন বলেও উল্লেখ করেন তিনি।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও বন্যার পর মানবিক সহায়তা কার্যক্রমে মিলামের গুরুত্বপূর্ণ অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। তিনি বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে হাজারো মানুষের জীবন রক্ষায় পরিচালিত Operation Sea Angel-এ তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে তিনি বিল মিলামের আন্তরিক প্রচেষ্টা ও বাংলাদেশ-সম্পর্কিত কাজের সাক্ষী ছিলেন। তাঁর পরিবার, প্রিয়জন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান মার্কিন রাষ্ট্রদূত।