বাংলাদেশ থেকে সৌদি আরবে আরও বেশি জনশক্তি পাঠানো এবং দেশে অর্জিত দক্ষতার আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৬তম গভর্নিং বডির অধিবেশনের সাইডলাইনে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী ড. তারিক বিন আব্দুল আজিজের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে প্রধানমন্ত্রীর শ্রম, কর্মসংস্থান ও শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান উপস্থিত ছিলেন।
আলোচনায় সৌদি উপমন্ত্রী আইএলওতে সৌদি আরবসংক্রান্ত কয়েকটি মামলার বিষয়ে বাংলাদেশ স্থায়ী মিশনের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা সৌদি রাজপরিবারের কাছে পৌঁছে দেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।
মন্ত্রী মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সংকটের সময় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের সুরক্ষা ও সহায়তা দেওয়ায় সৌদি সরকারের প্রতি ধন্যবাদ জানান।
বৈঠকে সৌদি উপমন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, সৌদি আরবের উন্নয়ন ও অর্থনীতিতে বাংলাদেশি শ্রমিকদের অবদান গুরুত্বপূর্ণ।
এদিকে মাহদী আমিন বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে সৌদি সহযোগিতা আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। তিনি বাংলাদেশের কিছু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে সৌদি মানদণ্ড অনুযায়ী উন্নত করা এবং অভিবাসনপ্রত্যাশীদের জন্য আরবি ভাষা প্রশিক্ষণ জোরদারের প্রস্তাব দেন। এর মাধ্যমে সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতার স্বীকৃতি পাওয়া সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকের একপর্যায়ে সৌদি উপমন্ত্রী প্রবাসী কল্যাণ মন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান। উভয় পক্ষই শ্রমখাতে বাংলাদেশ-সৌদি অংশীদারিত্বকে আরও উচ্চতায় নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।