দক্ষিণ কোরিয়ায় স্নাতক ও স্নাতকোত্তরসহ অন্যান্য কোর্সে পড়ালেখা করতে আগ্রহীদের আবেদন চলছে। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়েমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে। গত ৪ এপ্রিল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোয়েসেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বোয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েট, অনার্স ও মাস্টার্সে ভর্তির জন্য যোগ্য আগ্রহী প্রার্থী থেকে নির্ধারিত তথ্য গ্রহণ করা হচ্ছে। ভিসা ক্যাটাগরি ‘D4-1-কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স’, ‘D4-7-ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স’, ‘D-2-1-অ্যাসোসিয়েট’, ‘D2-2- অনার্স’ ও ‘D2-3 মাস্টার্স’।
আরও বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের আগামী ১০ এপ্রিল, ২০২৬ ইং তারিখের মধ্যে প্রদত্ত গুগল ডকস ফর্মে উল্লেখিত তথ্য প্রদান করতে হবে। এ ক্ষেত্রে ইউনিভার্সিটির চাহিদা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। প্রাপ্ত তথ্য যাচাই করে সংশ্লিষ্ট প্রার্থীকে বোয়েসেল অফিসে প্রয়োজনীয় প্রমাণাদি দাখিলের জন্য ইমেইল বা এসএমএস দেয়া হবে।
এছাড়াও বলা হয়েছে, যোগ্যতা অনুযায়ী অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। ইপিএস কর্মসূচির আওতায় রোস্টারভুক্ত ও রোস্টার থেকে ডিলিটকৃত সুশৃঙ্খল প্রার্থীদের ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে বিশেষ অনুরোধ করা হবে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে বোয়েসেল উল্লেখ করেছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন ভিসা হওয়ার নিশ্চয়তা বহন করে না। প্রার্থীদের ব্যাংক সলভেন্সির জন্য প্রয়োজনীয় অর্থ এবং ট্যাক্স প্রদান করা না থাকলে আবেদন গ্রহণ করা হবে না। কোনো প্রার্থীর ব্যাংক সলভেন্সির জন্য গৃহীত লোনের দায়ভার সম্পূর্ণ তার নিজের। শিক্ষার্থী প্রেরণের ক্ষেত্রে বোয়েসেল ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গৃহীত সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।