স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তাঁর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রশাসকরা তাঁদের দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর নাগরিক সেবা উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।