ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানিয়েছেন, হজ ২০২৭-এর প্যাকেজ নির্ধারণ ও ঘোষণার সময় হজযাত্রীদের প্রয়োজন, সুযোগ-সুবিধা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে প্যাকেজের খরচ কমানোর পদক্ষেপ নেওয়া হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে এবারের হজ কার্যক্রম প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ অংশের বিভিন্ন ব্যয় ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের নির্ধারিত সময়সূচি অনুসারে ভিসাসহ প্রয়োজনীয় সব প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।