জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রমে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আদেশ অনুযায়ী, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবন থেকে পরিচালিত বেশ কয়েকটি ক্যাটাগরির এনআইডি সংশোধন সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।
সোমবার (৬ জুলাই) এনআইডি শাখার পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া ‘ক-১’, ‘ক’, ‘খ-১’, ‘খ’, ‘গ-১’ এবং ‘গ’ ক্যাটাগরির এনআইডি সংশোধনসংক্রান্ত সেবা নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এ ছাড়া যেসব আবেদন অনলাইনে জমা দেওয়ার সুযোগ রয়েছে, সেগুলোর হার্ডকপি আর গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।
নতুন ব্যবস্থায় বিভিন্ন স্তরের নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে আবেদন নিষ্পত্তি করা হবে। এর মধ্যে ‘ক-১’ ক্যাটাগরির আবেদন সহকারী থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা, ‘ক’ ক্যাটাগরির আবেদন থানা বা উপজেলা নির্বাচন কর্মকর্তা, ‘খ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ‘খ’ ক্যাটাগরির আবেদন জেলা নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।
অন্যদিকে, ‘গ-১’ ক্যাটাগরির আবেদন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং ‘গ’ ক্যাটাগরির আবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নিষ্পত্তি করবেন।
উল্লেখ্য, এতদিন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে জরুরি ভিত্তিতে ‘ক-১’, ‘ক’, ‘খ-১’ ও ‘খ’ ক্যাটাগরির এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হতো। নতুন নির্দেশনার ফলে এসব আবেদন এখন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।