চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী শিশু জান্নাতুল নেসা প্রকাশ ইরা মনি হত্যা মামলায় একমাত্র আসামী বাবুল শেখকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস আলেয়া এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অপরাধে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৭ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড এবং একই আইনের ৯(৪)(খ) ধারায় ধর্ষণের চেষ্টার অপরাধে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সব মিলিয়ে আদালত আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি মোট ২ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
গত ১ মার্চ সকালে চকলেট কিনে দেয়ার নাম করে শিশু ইরাকে বাড়ি থেকে নিয়ে যায় প্রতিবেশী বাবুল শেখ। পরে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেনে গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করে স্থানীয় কিছু শ্রমিক। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে ভর্তির ২ দিন পর মারা যায় শিশুটি।
শিশুটির মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে বাবু শেখকে গ্রেফতার করে পুলিশ। আদালতে স্বীকারোক্তি মুলক জবানবন্দীতে শিশু ইরাকে শ্বাসনালি কেটে হত্যা করার কথা স্বীকার করে বাবুল শেখ।