সাবেক বিএনপি সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে বিমান বাহিনীর যথাযথ কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আল-জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
বিমান বাহিনী সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের সাক্ষ্যে সাইফুর রহমানের নাম উঠে আসার পর তাকে হেফাজতে নেওয়া হয়।
ইমরুল কায়েস মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাক্ষ্য দেন, যেখানে শতাধিক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
সাক্ষ্যে বলা হয়, ইলিয়াস আলীর কথিত অপহরণ ও হত্যার সময় সাইফুর রহমান স্কোয়াড্রন লিডার হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।
উল্লেখ্য উইং কমান্ডার সাইফুর রহমান সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের জামাতা।