দেশজুড়ে মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এসব সরঞ্জাম ও উপকরণ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে, বিশেষ করে দুর্গম এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।
বাংলাদেশি মুদ্রায় এ সহায়তার মূল্য প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। সোমবার (৩১ আগস্ট) যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকার মুখপাত্র পূর্ণিমা রাইয়ের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সহায়তার অংশ হিসেবে নবজাতকের শরীর উষ্ণ রাখার সরঞ্জাম, শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী উপকরণ, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে কোল্ড চেইন সরঞ্জাম দেওয়া হচ্ছে।
এ ছাড়া পঞ্চগড় জেলা হাসপাতালে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবাবিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তর করা হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে এটি হস্তান্তর করেন।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, ঝিপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং স্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে এটি ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও সহায়ক ভূমিকা রাখবে।
দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।