সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যে সব উন্নয়নকাজ শেষ করার দাবি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর পৌর এলাকার রহমতখালী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনার ভিত্তিতে সারাদেশে নদী-নালা, খাল ও জলাশয় পরিষ্কার কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিরোধী দলের সমালোচনার জবাবে পানিসম্পদ মন্ত্রী বলেন, সরকার লোক দেখানো বা ফটোসেশনের রাজনীতি করে না, বরং মানুষের কল্যাণে বাস্তবভিত্তিক কাজ করছে। সরকারের দায়িত্ব নিয়েছি মাত্র ছয় মাস হয়েছে। এর মধ্যে সব কাজ শেষ হয়ে গেছে- এটা কি বলা যাবে?
মন্ত্রী বলেন, ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের কাজ কি হয়ে গেছে? বিষয়টি বিরোধী দলেরও বোঝা উচিত। ছয় মাসের মাথায় উনারা লংমার্চ করবেন। আমরা ফটোসেশনের রাজনীতি করি না, ফটো শো’র রাজনীতিও করি না।
তিনি বলেন, দেশের মানুষের সুবিধার কথা চিন্তা করে সরকার ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। আমরা খাল পুনঃখনন করবো। অনেক নেতা ছিলেন, অনেকে নিজেকে দূরদর্শী নেতা মনে করেন। কিন্তু ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করে দেশের মানুষকে সুবিধা দেওয়ার কাজ কেউ করেননি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুব আলম মামুন এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ স্থানীয় নেতারা।