বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে বাংলাদেশ ও ফ্রান্স। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে।
পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে অভিনন্দন জানান ফরাসি রাষ্ট্রদূত। বৈঠকে তারা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও অংশীদারত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আর্থসামাজিক উন্নয়নে ফ্রান্সের সমর্থনের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে ফরাসি সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি ও ওষুধ শিল্পে ফরাসি বিনিয়োগের অনুরোধ জানান তিনি।
বৈঠকে বৈধ পথে শ্রম অভিবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়। মানব পাচার ও অবৈধ অভিবাসনে বাংলাদেশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ ও আঞ্চলিক ইস্যুতে একযোগে কাজ করার অঙ্গীকার করে দুপক্ষ।
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১৩ লাখ রোহিঙ্গার জন্য মানবিক সহায়তা দেওয়ায় ফ্রান্সকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। মিয়ানমারে তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে উভয় দেশ একসঙ্গে কাজ করার কথা জানায়। রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন এবং সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।