প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের প্রত্যাশা একটি শান্তিময় বিশ্ব, এমন একটি মানবিক বিশ্ব সমাজ, যেখানে মারণাস্ত্র নয়, বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি-তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তুমুল করতালির মধ্যে সরকারপ্রধান হিসেবে জাতিসংঘে নিজের প্রথম ভাষণ দিতে মঞ্চে ওঠেন তিনি। ভাষণে বাংলাদেশের ‘গণতান্ত্রিক নবযাত্রার’ কথাও তুলে ধরেন তারেক রহমান।
সাধারণ পরিষদের এবারের অধিবেশনে সভাপতির আসনে রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। কালো স্যুট ও লাল টাই পরিহিত তারেক রহমান বাংলায় ভাষণ দেন।
বর্তমান বিশ্ব পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি, যেকোনো সংঘাতের সমাধান আলোচনা, কূটনৈতিক প্রক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই হওয়া উচিত। বিবদমান রাষ্ট্রগুলোর মধ্যে সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থরক্ষা এবং সম্মান ও মর্যাদা রক্ষাই হওয়া উচিত দ্বিপাক্ষিক কিংবা বহুপাক্ষিক সম্পর্কের ভিত্তি।
তিনি বলেন, আমাদের প্রত্যাশা একটি শান্তিময় বিশ্ব, এমন একটি মানবিক বিশ্ব সমাজ, যেখানে মারণাস্ত্র নয়, বরং পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠবে যুক্তি-তর্ক, কূটনীতি, শিক্ষা ও মানবতা। একে অপরের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল একটি সমঝোতামূলক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার কেন্দ্রবিন্দু হিসেবে বাংলাদেশ জাতিসংঘকে দেখতে চায়।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্যরা অন্য সরকার ও রাষ্ট্রপ্রধানদের বক্তব্য শোনেন।
জাতিসংঘের এই মঞ্চে এর আগে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রীর বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০২৫ সালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বক্তব্য দেন।
ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথমবার জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে রয়েছেন তারেক রহমান। বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বাংলাদেশ ও তাঁর সরকারের অবস্থান তুলে ধরছেন। অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গেও বৈঠক ও সাক্ষাৎ করছেন