প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে জেলার পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তিনি খেয়াঘাট, মুহুরী নদীর তীরবর্তী এলাকা ও প্রস্তাবিত পথসভাস্থল পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পরশুরাম ও আশপাশের এলাকায় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। সফরটি সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।
মুহুরী-কহুয়া নদী অববাহিকার বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙন প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, এসব সমস্যা সমাধানে পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীতীরবর্তী এলাকার মানুষের জীবন-জীবিকা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাম্প্রতিক প্রতিবেদনে প্রকল্পটির অনুমোদিত ব্যয় ১ হাজার ৫৪২ কোটি টাকা উল্লেখ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, পানি ব্যবস্থাপনার সঙ্গে একটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেরও সরাসরি সম্পর্ক রয়েছে। বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমানো গেলে কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হবে।
প্রকল্প বাস্তবায়নে গুণগত মান, পরিবেশের ভারসাম্য ও স্থানীয় মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি। স্থানীয় জনগণের মতামত বিবেচনায় নিয়ে টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতার সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। এতে কৃষি উৎপাদন, যোগাযোগব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য ও মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় স্থিতিশীলতা আসতে পারে বলে তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ফেনীর মানুষকে বন্যা ও জলাবদ্ধতার দুর্ভোগ থেকে সুরক্ষা দিতে পানি সম্পদ মন্ত্রণালয় প্রয়োজনীয় পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করছে।
সফরকালে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম (মজনু), ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদিন, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।