কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল আহাদ সরকারের পরিবারের ৬ জন মারা গিয়েছে। শনিবার (১৭ অক্টোবর) এ ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
আব্দুল আহাদ সরকার বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আহাদ সরকার নিজেই এ তথ্য জানান।
পোস্টে তিনি লেখেন, কক্সবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে একসঙ্গে তাঁর পরিবারের ছয় সদস্যের মৃত্যু হয়েছে।
আব্দুল আহাদ সরকার জানান, মারা যাওয়ারদের মধ্যে পাঁচজন তাঁর কাজিন এবং একজন তাঁর ৫ বছর বয়সী ভাগ্নে। এছাড়া তাঁর মামা মাসুদ ও মামী মেহেরুন্নেসা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছেন।
নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই শিক্ষার্থী।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পাটোয়ারটেক সৈকত এলাকায় কাঠের তৈরি কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লাগে। ওই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন। মারা যাওয়া সবাই পর্যটক বলে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।