রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন বিভাগ ও গোয়েন্দা শাখা রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৮ জন এবং তেজগাঁও বিভাগে ৯৩ জন রয়েছেন।
বিভাগভিত্তিক গ্রেপ্তারের হিসাবে, রমনা বিভাগে ৪৮ জন, লালবাগ বিভাগে ৬১ জন, ওয়ারী বিভাগে ৫৪ জন, মতিঝিল বিভাগে ৩৫ জন, গুলশান বিভাগে ৩৭ জন, উত্তরা বিভাগে ৩২ জন, গোয়েন্দা বিভাগে ৯ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে ১১ হাজার ৭০১ পিস ইয়াবা, ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪ হাজার ৬৩৬ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেল, পাঁচটি মুঠোফোন জব্দ করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।